আখাউড়া প্রধান শিক্ষকসহ ২৬ পদ শূন্য

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৫:৪৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১১টি প্রধান শিক্ষকের পদসহ মোট ২৬টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ বন্ধ থাকায় ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে ওইসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
 
অপর দিকে যেসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ খালি রয়েছে ওইসব বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষক দিয়ে অতিরিক্ত পাঠদান করানো হচ্ছে। শিক্ষক সংকটের কারনে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে প্রশাসনিক কাজকর্মসহ মারাত্মকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর শহরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক অবসরে চলে যাওয়ায় দীর্ঘ দিন ধরে ১১টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক সঙ্কট থাকা বিদ্যালয়গুলো হল-ধরখার ইউনিয়নের রুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলখার পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনার কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, টনকি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খারকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্নেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্ডুরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ইউনিয়নের রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া ওই সব
 
বিদ্যালয়সহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে আরো ১৫ জন সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল আলীম রানা বলেন, ‘অবসর গ্রহণের কারনে বিভিন্ন সময় শিক্ষকের পদ শূন্য হয়। বিদ্যালয়ে শিক্ষক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ