বাল্যবিয়ের বিশেষ বিধান বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫
বিশেষ বিধান বাতিল চেয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬’ অনুমোদন করার জন্য সরকারের কাছে ফের আহ্বান জানিয়েছে ব্র্যাকসহ ৫টি উন্নয়ন সংগঠনের জোট নেতারা। আসন্ন জাতীয় সংসদে আইনটি পাশ হওয়ার সম্ভাবনা থাকায় অবিলম্বে তারা বিশেষ বিধান বাতিল চেয়ে এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 
সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে উন্নয়ন সংগঠনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, গার্লস নট ব্রাইডস-বাংলাদেশসহ ৫টি উন্নয়ন সংগঠনের জোট এ মতবিনিময় সভার আয়োজন করে। 
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি প্রধান হাবিবুর রহমান, সেভ দ্য চিলড্রেন (চাইল্ড প্রোটেকশন)-এর পরিচালক লায়লা খন্দকার, কেয়ার বাংলাদেশ-এর টিম লিডার এএনএম কায়সার জিলানী, উই ক্যান, বাংলাদেশ-এর ন্যাশনাল কোঅর্ডিনেটর জিনাত আরা হক, মানুষের জন্য ফাউন্ডেশন এর রাইটস কর্মসূচির সিনিয়র সমন্বয়কারি বনশ্রী মিত্রা নিয়োগী প্রমুখ। 
 
জোটের প্রতিনিধিরা বলেন, বিশেষ বিধান রেখে আইনটি পাশ হলে মেয়েশিশুর উপর এটা নেতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া বাংলাদেশের বাস্তবতায় ‘বিশেষ ধারার’ অপব্যবহার এর আশঙ্কা অনেক বেশি। 
অনুষ্ঠানে আগত সাংবাদিকরা বেসরকারি সংস্থার প্রতিনিধিদের কাছে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬’ বিষয়ে গতানুগতিক কর্মসূচির পরিবর্তে কিশোরী, বাবা-মা ও অভিভাবকদের নিয়ে ভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের সুপারিশ তুলে ধরেন। 
 
ইত্তেফাক/এমআই