'পাটপণ্যের উপর ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক'

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৬
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক।'
 
তিনি বলেন, 'বাংলাদেশ বিষয়টি ভারতের সাথে আলোচনায় তুলে ধরেছে। বিষয়টি নিয়ে আবারও ভারতের সাথে আলোচনা করা হবে বলে মন্ত্রী জানান।'
 
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০১৭ সালের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট আবুল কাশেম খানের নেতৃত্বে আগত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
তামাক ও মদ ছাড়া সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, 'অথচ পাটপণ্য রপ্তানির উপর অ্যান্ডি ডাম্পিং শুল্ক আরোপ করেছে, যা দুঃখজনক।'
 
তিনি বলেন, অনেক পণ্য রপ্তানির ক্ষেত্রেই ভারত এখন সাড়ে ১২% হারে কাউন্টার ভেলিং শুল্ক নিচ্ছে। এতে বাংলাদেশে তৈরি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে।
 
ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সবধরনের সহযোগিতা করার কথা স্মরণ করে তোফায়েল বলেন, 'বাংলাদেশ বিশ্বাস করে ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে এ সকল বাধা দূর করতে আন্তরিক হবে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস