g বিনোদন ডেস্ক

অভিনেতা কার্তিক আরিয়ানের সাথে কয়েকদিন আগে মাঝরাতে সময় কাটিয়ে ছিলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা ও কার্তিকের ওই ছবি প্রকাশ্যে আসতেই নানা জল্পনা শুরু হয়ে যায় বি-টাউনে। কিন্তু এ বিষয়ে কেউ মুখ খোলেননি! তবুও নিজের মেয়েকে বলিউডের সবচেয়ে ভালো ও সরল বললেন অভিনেতা শক্তি কাপুর। তিনি জানালেন, বাকি অভিনেত্রীদের মধ্যে তিনি শ্রদ্ধা কাপুরের সারল্য খুঁজে পান না! শ্রদ্ধাকে নিয়ে বলিউডের এই শক্তিমান অভিনেতা বলেন, ‘হালের নায়িকাদের মধ্যে সারল্য খুঁজে পাওয়া যায় না। যেমনটা মধুবালা, মীনা কুমারী ও মালা সিনহার ভেতর ছিল, তেমনটা আর কোনো অভিনেত্রীর মধ্যে দেখতে পাই না। বর্তমানের অভিনেত্রীদের মধ্যে শ্রদ্ধা ও আলিয়ার (ভাট) ভেতরই কেবল সেই সারল্য আছে। তারা খুব ভালো কাজ করছে। বিশেষ করে আশিকি-২ ছবিতে মীনা কুমারীর সেই সারল্যকে ফিরিয়ে এনেছে শ্রদ্ধা। সে বাস্তবজীবনেও অনেক ভালো, তার নামে কোনো অপবাদ নেই।’
বিনোদন দুনিয়ায় প্রবেশে দীর্ঘদিন লড়াই করতে হয়েছে শক্তি কাপুরকে। আর্থিক অনটনের মধ্যেও ছিলেন তিনি। সেই দিনগুলোর কথা এখনো স্মরণ করেন। শক্তি কাপুর বলেন, ‘৬০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। এত সুযোগ পাওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ। সুনীল দত্ত, ফিরোজ খান ও বিনোদ খান্না আমার দুর্দিনে সাহায্য করেছেন। যখন মুম্বাইয়ে আসি তখন কোনো কাজ ছিল না। সুনীল দত্ত আমাকে মাসে মাসে দেড় হাজার রুপি করে দিতেন। টানা ৫ বছর আমি বিনোদ খান্নার ঘরে থেকেছি। এসব মানুষের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এক গাড়ি দুর্ঘটনায় ফিরোজ খানের সঙ্গে আমার দেখা হয়। সেসময় তিনি আমাকে প্রথম একটি ছবিতে কাজের সুযোগ দেন।’
