সুনামগঞ্জে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের সভায় বক্তারা
সুনামগঞ্জ প্রতিনিধি
হাওরে নির্ধারিত সময়ের এক মাস পরও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় বোরো ফসল নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ২০১৭ সালে এ সময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে হাওরে ফসলহানি ঘটে। কিন্তু এবার এখনো অনেক বাঁধের কাজ পুরোপুরি শেষ হয়নি।
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন হাওরে বাঁধের কাজ পর্যবেক্ষণ শেষে গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জে এক সংবাদ সম্মেলনে হাওর অ্যাডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ উদ্বেগের কথা জানানো হয়। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগেজ্যাতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় হাওর আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের যুগ্ম-আহবায়ক শরিফুজ্জামান। তিনি বলেন, আমরা তিনদিন কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরাঞ্চল ঘুরেছি। ফসল রক্ষা বাঁধের কাজ দেখেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি। কৃষকরা উদ্বিগ্ন। হাওরবাসী ২০১৭ সালের মতো বিপর্যয়ের মুখোমুখি হতে চায় না। একই সঙ্গে হাওরের ফসলের ন্যায্য মূল্য যেন কৃষকরা পান সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জে ‘হাওরবাসী রক্ষায় নাগরিক উদ্যোগ’-এর আহবায়ক নির্মল ভট্টাচার্য, হাওর আন্দোলনের নেতা পঙ্কজ দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
এবার সুনামগঞ্জে ৪২টি হাওরের ফসল রক্ষায় ৫৭২টি প্রকল্পে বাঁধের কাজ হচ্ছে।
