শুরু হলো পোশাক সরঞ্জাম মেলা গ্যাপেক্সপো

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩২
তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের মেলা গ্যাপেক্সপো-২০১৭ শুরু হয়েছে। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত চার দিনব্যাপি এই তিন প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
সেখানে একই সঙ্গে ‘গার্মেন্টেক’ ও ষষ্ঠ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ার’ নামে দুটি আন্তর্জাতিক প্রদর্শনীও চলছে। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং ভারতের প্রতিষ্ঠান এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন সম্মিলিতভাবে মেলাটি আয়োজন করেছে।
 
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, তাইওয়ানসহ ২৪টি দেশের ৪০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
বাংলাদেশে প্রথমবারের ম১তো ওয়ানস্টপ ডিজিটাল সল্যুশন, সাবলিমেশন এবং স্ক্রিন প্রিন্টের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিসিসি এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। সম্প্রতি, ডিসিসি প্রিন্ট ভিশন এলএলপি টেক্সটাইল, প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটি বিল্ডিং এবং এক্সপার্টাইজ তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
 
গার্মেন্টক ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্ট কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করছে প্রতিষ্ঠানগুলো। এছাড়া, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাকৃতিক ও কৃত্রিম সুতা, ওভেন ও নিট শিল্পের জন্য বস্ত্র প্রদর্শন করছে।
 
প্রদর্শনীতে অংশগ্রহণ সম্পর্কে ডিসিসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এইচ এন আশিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির গ্রাহকদের অনুরোধের ফলে ডিসিসি বিশ্বমানের টেক্সটাইল প্রিন্টিং স্টুডিও এবং ক্যাপাসিটি বিল্ডিং ও ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিজ তৈরি করতে বাংলাদেশে ধাভাল কালার কেম (ডিসিসি) তার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়। গ্যাপেক্সপো ২০১৭-তে অংশগ্রহণে মাধ্যমে সংশ্লিষ্টরা ডিসিসি-এর সেবাসমূহ সম্পর্কে জানতে পারবে।’
 
ইত্তেফাক/এমএইচ