শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা নিয়ে ভারতে অনুষ্ঠেয় তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আলোচনা করা হবে।'
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (ডিসিসিআই) নব নির্বাচিত নেতারা বুধবার শিল্পমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। শিল্পমন্ত্রী ভারতের কলকাতায় তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণের জন্য আগামীকাল কলকাতা যাচ্ছেন। সফরকালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ ভারত সরকারের নীতি নির্ধারকদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন।
এসময় শিল্পমন্ত্রী বলেন, 'বিশ্বের ১৫০ কোটি মুসলমানের জন্য হালাল খাদ্যের বিশাল বাজার রয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানির জন্য বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের আওতায় হালাল সার্টিফিকেশনের ব্যবস্থা করা হবে।'
বৈঠকে সিনিয়র শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, ডিসিসিআই এর নতুন সভাপতি আবুল কাসেম খান, সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি হোসেন সিকদারসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা চেম্বারের নেতারা বলেন, 'পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।' বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার ও বাণিজ্য ঘাটতি কমাতে এ বিষয়ে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন। তারা এ বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
