সংগীতজ্ঞ আজাদ রহমান সংবর্ধিত
ইত্তেফাক রিপোর্ট
গানের সুরে, কবিতার পংক্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হলো। গতকাল শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত হয় বঙ্গবন্ধু উত্সবের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের জোট ‘বাঙালি সাংস্কৃতিক বন্ধন’ জাতির পিতা অনির্বাণ আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং আবহমান বাঙালি সংস্কৃতি তুলে এ উত্সবের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রনায়ক ফারুক। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, কবি কাজী রোজী, নাট্যজন এসএম মহসিন প্রমুখ।
আলোচনার ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের গান। গান গেয়ে মুগ্ধ করেন শিল্পী রফিকুল আলম, টুনটুন বাউল, লতিফ শাহ, আবু বকর সিদ্দিক, শাহনাজ বাবু, রীনা আমিন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আসলাম সানী, আফরোজা কনা প্রমুখ।
সঙ্গীতজ্ঞ আজাদ রহমান সংবর্ধিত :সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে সংবর্ধনা দেয়া হলো গতকাল। ‘জীবনে সঙ্গীতের উচ্ছ্বাস’ শিরোনামে এই গুণীজন সংবর্ধনা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে উচ্ছ্বাস ললিতকলা একাডেমি। গতকাল বিকেলে মনোজ্ঞ এ আয়োজনটি হয় রাজধানীর উত্তরা মডেল টাউনের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) মিলনায়তনে।
আয়োজনের শুরুতেই একাডেমির শিল্পীরা সম্মিলিত কণ্ঠে ইমন রাগে আজাদ রহমানের সৃষ্টি বাংলা খেয়াল ‘করো মানব হওয়ার সাধনা’ পরিবেশন করেন। আজাদ রহমানকে সংবর্ধনা জানিয়ে তার হাতে সম্মাননা স্মারক, শিল্পীর বাঁধাই করা ছবি হাতে তুলে দেন সংগঠনের সভাপতি শেরিফা কাদের। এসময় অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জিএম কাদের এমপি।
উচ্ছ্বাস ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেরিফা কাদেরের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন আজাদ রহমান ও ওস্তাদ অনিল কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং। এসময় আরও উপস্থিত ছিলেন আজাদ রহমানের স্ত্রী শিল্পী সেলিনা আজাদ।
আজাদ রহমান বলেন, সঙ্গীত বিনোদন নয় বিদ্যা। তাই বলি আপনাদের বাচ্চাদের সঙ্গীত, শিল্পকলার চর্চায় নিবিষ্ট করতে চেষ্টা করুন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরুকে স্মরণ :গতকাল শুক্রবার বিকালে ছিল মুহম্মদ খসরু স্মরণে সভা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, ফেডারেশনের অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে খসরুকে নিয়ে দুটি তথ?্যচিত্র দেখানো হয় বড় পর্দায়। লেখক ও গবেষক মফিদুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা দেন নাট?্যজন আসাদুজ্জামান নূর, শিল্পী রফিকুন নবী, চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার, মাহবুব আলম, খসরুর বড় ভাই বদিউল আলম, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চারুকলার ডিন নিসার হোসেন প্রমুখ।
কায়ায় আশরাফুলের প্রদর্শনী :গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী আশরাফুল হাসানের একক চিত্র প্রদর্শনী ‘টাইম ইন এ থ্রেসহোল্ড’। গতকাল বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কস এন্ড স্পেনসারের বাংলাদেশ প্রতিনিধি স্বপ্না ভৌমিক ও ইউরো ভিজিলের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা আমিন। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে ৪৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে।
