সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মানুষের অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত হয়। যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হলে মানুষ আপন গতিতে ভাগ্যের পরিবর্তন করতে পারে। তাই বর্তমান সরকার এ দু'টি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর থেকে চাপড়া কাচারী পর্যন্ত দুই দশমিক তিন কিলোমিটার সড়কের পাকাকরণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। তার আমলে আমাদের ১৬ কোটি মানুষের দেশের অনেক উন্নয়ন হয়েছে। নীলফামারীতে ইপিজেড হয়েছে, অর্থনৈতিক জোন হবে, মেডিক্যাল কলেজ হবে, ইপিজেডে ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, আগামীতে সেখানে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ইপিজেডকে ঘিরে অসংখ্য ছোট বড় কলকারখানা গড়ে উঠেছে। এসব সম্ভব হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে। পর্যায়ক্রমে এলাকার সকল রাস্তা, ঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হবে।'
চাপড়া সরমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ। -বাসস।
ইত্তেফাক/এসএস
