গৌরীপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে আফাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত শহর আলীর পুত্র। রবিবার তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার জানিয়েছে, শনিবার (২১ জানুয়ারী) গভীর রাতে আফাজ উদ্দিন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় বাইরে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির পিছনে জঙ্গলের পাশে জবাই করে ও কুপিয়ে হত্যা করে। হত্যার পর ঘাতকরা আফাজ উদ্দিনের লাশ বাড়ির পিছনের খড়ের মাচার পাশে ফেলে রেখে যায়। নিহত আফাজ উদ্দিনের পরিবাবের লোকজন সকাল ৭ টায় উল্লেখিত স্থানে লাশ দেখতে পেয়ে গৌরীপুর থানার পুলিশকে খবর দেয়।

নিহতের পুত্র তারা মিয়া (১৮) জানায়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশী মৃত আক্তার আলীর ছেলে আব্দুল জব্বার ওরফে তালে (৫৫) গংরা তার পিতাকে মেরে ফেলবে বলে অতি সম্প্রতি হুমকি দিয়েছিল। এ ব্যাপারে গৌরীপুর থানায় গত বছরের ডিসেম্বরের ১২ তারিখে তাঁর পিতা আফাজ উদ্দিন একটি সাধারণ ডায়েরি করেছিলেন (জি,ডি নং-৩৯১)। তারা মিয়া অভিযোগ করে বলেন, আব্দুল জব্বার ওরফে তালে গংরাই পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সীমা রানী সরকার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান মফিজুর নূর খোকা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ জানান, উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে খুনের আলামত হিসেবে নিহত ব্যাক্তির রক্তমাখা জামা কাপড়, চটের বস্তা, লাঠি প্রভৃতি আলামত জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএন