সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় ৬ বছরের শিশুকে হত্যা, গ্রেফতার ২

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর ফলগাছা গ্রামে ইতিমনি নামে ছয় বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইতিমনি উত্তর ফলগাছা দিল হোসেনের মেয়ে ও  স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

গ্রেফতার ব্যক্তিরা হল, একই গ্রামের মৃত. আব্দুস সামাদের ছেলে আকাশ (১৫)  ও তার মা আম্বিয়া বেওয়া (৫০)।  

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, শনিবার বিকেলে প্রতিবেশী আকাশের বাড়ীতে শিশু ইতিমনি যায়। সেখানে এক পর্যায়ে আকাশের মোবাইল ফোনটি নিয়ে সে দৌড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আকাশ তাকে মারপিট করে। বিষয়টি সে তার বাবাকে বলে দিবে বলে জানালে আকাশ শিশুটির মুখে কাপড় গুঁজে দিয়ে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে নিহত শিশুটির লাশ পুকুরে ফেলে দেয়।

আতিয়ার আরো জানান, এ সময় বাড়িতে আকাশের মা আম্বিয়া বেওয়া অবস্থান করলেও তিনি এ ব্যাপারে প্রতিবাদ করা দুরের কথা বরং লাশ গুম করতে ছেলেকে সহযোগিতা করে।

ওসি বলেন, এদিকে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত অনেক খোঁজাখুজির পর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজনরা। খবর পেয়ে শনিবার রাত ১০ টায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ নিয়ে শিশুটির বাবা বাদি হয়ে রবিবার ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

ইত্তেফাক/এএন