খুলনায় ঠিকাদার বালা হত্যার নেপথ্যে পারিবারিক বিরোধ!

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১২

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঠিকাদার ও যুবলীগ নেতা মিজানুর রহমান বালা হত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। নিহত বালার ছোট ভাই যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা প্রয়াত এসএম মেসবা হোসেন বুরুজের ঠিকাদারী ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্ত্রী ও তার পরিবারের। হত্যার নেপথ্যে বুরুজের স্ত্রীর সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ তাদের।

এদিকে শুক্রবার বিকাল পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

বালার স্ত্রী সারা রহমান অভিযোগ করেন, দেবর এসএম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুর পর তার স্বামীই ঠিকাদারী ও ব্যবসা পরিচালনা করতেন। এ নিয়ে বুরুজের স্ত্রী সাবিহা খাতুনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সাবিহা খাতুনই সন্ত্রাসীদের দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে। এর আগে গত বছরের ২০ নভেম্বর সাবিহা সন্ত্রাসী দিয়ে তার স্বামীর ওপর হামলা চালিয়েছিল; কিন্তু পারিবারিক কারণে তখন থানায় মামলা করিনি। তারপরও সে আমার স্বামীকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে আসছিল।

খুলনা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঠিকাদার বালা হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী সাবিহা খাতুনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 গত বুধবার রাতে নগরীর নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও যুবলীগ নেতা মিজানুর রহমান বালা।