আটোয়ারীতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু ১৫ ঘর ভস্মীভূত

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১২

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীর রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রহিমা খাতুন (৬৫)। সে ওই গ্রামের বিশু মোহাম্মদের স্ত্রী। এদিকে অগ্নিকাণ্ডে ১৫টি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের রহিমা খাতুনদের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পর ঘরের ভেতর থেকে ঋণের ৫০ হাজার টাকা বের করতে গেলে তিনি দগ্ধ হন। আগুনে ওই গ্রামের সাতটি পরিবারের ১৫টি ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পঞ্চগড় এবং বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।