গোপালগঞ্জে ৯ দোকান ভস্মীভূত

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:১৪

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুকসুদপুর ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, ভোরে ওই বাজারের দিলীপ কুমারের কাপড়ের দোকানের বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৯টি দোকান পুড়ে গেছে।