আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২০:৩৭

সাভার উপজেলার আশুলিয়ায় হেলেনা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী এলাকার জুলহাস বেপারীর মালিকানাধীন ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মহিদুল হোসেন পলাতক রয়েছে।

নিহত হেলেনা আক্তারের বাড়ি সিরাজগঞ্জ ও তার স্বামী মহিদুল হোসেনের বাড়ি নিলফামারী জেলায়। তার দু’জনই আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো বলে জানিয়েছে প্রতিবেশীরা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামীকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইত্তেফাক/বিএএফ