বকশীগঞ্জে সাবেক উপ-মন্ত্রীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:২১
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপি-জামায়াত জোটের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধারা।
 
সোমবার বিকালে উপজেলার ধানুয়া কামালপুর শহীদ সালাউদ্দিন মাঠে মুক্তিযোদ্ধারা এই কর্মসূচি পালন করেন।
 
জানা গেছে, রবিবার বিএনপি-জামায়াত জোটের সাবেক উপ-মন্ত্রী সিরাজুল হক এক কথিত সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা রেজাউল করিম হীরা এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশতীর বিরুদ্ধে মিথ্যাচার করে আপত্তিকর কথাবার্তা বলেন।  মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় মুক্তিযোদ্ধারা।
 
বিক্ষোভ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিনের সভাপতিত্বে কামালপুর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, কামালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা মনির হোসেন, আবদুল আজিজ, ফুলু মিয়া, সোনা মিয়া ও মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ