সখীপুরে ভুয়া সিভিল সার্জন গ্রেফতার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৭

টাঙ্গাইলের সখীপুরে ভুূয়া সিভিল সার্জন পরিচয়দানকারী হারুনুর রশিদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নলুয়া রোকেয়া ডেন্টাল ক্লিনিকে সিভিল সার্জন পরিচয় দিয়ে টাকা চাইলে পরে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় রাতে ক্লিনিক মালিক খন্দকার রকিবুল ইসলাম সখীপুর থানায় প্রতারণা মামলা করেন। হারুনুর রশিদ মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই ভুূয়া সিভিল সার্জন হারুনুর রশিদ উপজেলার নলুয়া বাজারে রোকেয়া ডেন্টাল ক্লিনিকে গিয়ে সিভিল সার্জন পরিচয় দেয় এবং ওই ক্লিনিকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র চায়। অন্যথায় তাকে ১০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করে। বিষয়টি  ক্লিনিকের মালিক খন্দকার রকিবুল ইসলামের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিঙ্গাসাবাদ শেষে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এর আগেও সে উপজেলার তক্তারচালা শরীফ ডেন্টাল ক্লিনিক থেকে সিভিল সার্জন পরিচয়ে ১০ হাজার টাকাসহ অন্যান্য ক্লিনিক থেকে টাকা নেওয়ার কথা প্রতারক পুলিশের কাছে স্বীকার করেছে। এ অভিযোগে প্রতারক হারুনুর রশিদের নামে মামলা হয়েছে। অভিযুক্তকে  মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএন