অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না নুরনাহারের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৩
 
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাবাসকান্দা মণ্ডলপাড়া গ্রামের দিনমজুর সিদ্দিক মণ্ডলের মেয়ে নুরনাহার (৯)। স্থানীয় সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ছে সে। নুরনাহারের কোমরের নিচে (পেছনের অংশে) বেশ বড় আকৃতির টিউমার হয়েছে।
 
টিউমারের কারণে কখনো বসতে পারে না সে। না পারে দৌঁড়াতে, না পারে শান্তিতে ঘুমাতে। ব্যথা না থাকলেও অসুবিধার যেন শেষ নেই কোনো কিছুতেই। তবুও লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। সিদ্দিক মণ্ডলের আরও দুই মেয়ে রয়েছে, মেঝ মেয়ে নুপুরের বয়স ৬, সে একই স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। আর সবার ছোট মেয়ে নুরাইয়া'র বয়স দেড় বছর।
IMG0
                                                       পরিবারের সঙ্গে নুরনাহার, (বাবার সামনে)।
আলাপকালে সিদ্দিক মণ্ডল ও স্ত্রী হাসি জানান, নুরনাহারের জন্মের পর থেকে তার ছোট টিউমার ধরা পড়ে। আগে তেমন বুঝা যায়নি। তবে দিন যত যাচ্ছে, মেয়ে বড় হওয়ার সাথে সাথে টিউমারও বড় হচ্ছে। অভাবের সংসারে ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না তারা। এই অবস্থায় তারা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
 
স্থানীয় এক সংবাদকর্মীর সহযোগিতায় নুরনাহারকে নিয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. সিরাজুল ইসলামের শরণাপন্ন হন নুরনাহারের বাবা ও চাচা। নুরনাহারকে পরীক্ষা-নিরীক্ষা করেন ও একটি এক্স-রে করে দেখেন ডা. সিরাজুল ইসলাম। তিনি জানান, নুরনাহারের টিউমারটি জন্মগত। মেডিকেলের ভাষায় এ ধরনের টিউমারকে 'সেক্রো কক্সিজিয়াল টেরাটোমা' বলা হয়। মেরুদণ্ডের নার্ভের সাথে সংযোগ থাকতে পারে টিউমারের, তাই অপারেশনে একটু ঝুঁকি আছে। তারপরও অপারেশন করা সম্ভব এবং রোগী সুস্থ হবে। বিশেষজ্ঞ সার্জন দিয়ে অপারেশন করালে এক লাখ টাকার মতো খরচ হবে।
 
কিন্তু এই টাকাও জোগাড় করার ক্ষমতা নেই দিনমজুর বাবার। তিনি মেয়ের সুস্থতার জন্য সমাজের হৃদয়বানদের সুদৃষ্টি কামনা করেছেন। নুর নাহারের ব্যাপারে আরো জানতে যোগাযোগ করতে পারেন তার মামা হাসমতের মোবাইল: ০১৭৮০-৪৫১৪৮০ নম্বরে (বাবার মোবাইল নেই)। নম্বরটি বিকাশ করা রয়েছে। এছাড়া মোবাইল নম্বরটির শেষে ৮ যোগ করে সাহায্য পাঠাতে পারেন ডাচ-বাংলা-রকেটের মাধ্যমেও। সবার ভালবাসায় ও সহযোগিতায় হাসি ফুটতে পারে ছোট্ট নুরনাহার ও তার স্বজনদের মুখে।
 
ইত্তেফাক/এসএস