হাটহাজারী(চট্টগ্রাম) সংবাদদাতা
পরকালীন মুক্তি একমাত্র নবীজির আদর্শেই নিহিত। এর বাইরে যত আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া গত্যন্তর নেই। কাজেই, পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করুন।
শুক্রবার বিকলি চারটার দিকে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে দারুল হাদীসে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।
তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যত আমল করবেন, সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মন মতো ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবেন।
শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশে আল্লামা শাহ আহমদ শফী বলেন, তোমরা দাওরায়ে হাদিস শেষ করেছ। তোমাদের উপর উম্মতের পুরো যিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে। সব কাজে আল্লাহর উপর বিশ্বাস রাখবে।
