সিরাজগঞ্জ প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান স্কাইপিতে দেশব্যাপী জেলা পর্যায় বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করে দল পুনর্গঠন ও আন্দোলনমুখী করতে যে দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন,তাতে বিএনপির মধ্যে নব উদ্দীপনা দেখা দিয়েছে এবং আগামিতে তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে বিএনপি পুনর্গঠন করা হবে। গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে দলীয় অফিসে জেলা বিএনপির আংশিক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,৩০ ডিসেম্বরের নির্বাচন ছিল ভৌতিক,তাতে বিএনপির পরাজয় নয়,বরং পরাজয় হয়েছে আওয়ামী লীগের । সে দিন জনগণতো দূরের কথা আওয়ামী লীগের লোকজনই ভোট কেন্দ্রে যায়নি । যারা ভোট কেন্দ্রে গেছে তারা ভোট দিতে পারেনি, কারণ ভোটের আগে মধ্য রাতেই ভোট কেটে নেওয়া হয়েছে । এতে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগ ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
