কামারখন্দে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২৩:০২

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১ জন। পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করে  ও আহত যুবককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

বুধবার রাত ৮টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম জানান, উত্তরাঞ্চল থেকে পণ্যবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি কোনাবাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত নামা মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে প্রায় ১৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ইত্তেফাক/এসএসএ