সংবাদ প্রকাশের পর খুলে গেল ব্রিজের মুখ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:৫৩

দৈনিক ইত্তেফাকে গত ২০ জানুয়ারিতে “তাড়াশে ফসলি জমিতে পুকুর খনন, জলাধার ভরাটের হিড়িক” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ব্যাপারটি নজরে এসেছে প্রশাসনের। প্রতিবেদনটিতে আরও লেখা ছিল ’ব্রিজের মুখে মাটি ফেলে মাছ চাষ ও বসত ভিটা তৈরি করা হচ্ছে।’

অবশেষে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবারে মধ্যে মাটি সরিয়ে ব্রিজের মুখ খালি করে দেওয়ার নির্দেশ দেন। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিাবর খুলে গেল ব্রিজটির মুখ।

সরেজমিন ঘুরে দেখা যায়, মাটি সরানোর ফলে ব্রিজটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। লাখো মানুষের মরণ ফাঁদ হয়ে থাকা হামকুরিয়া ওয়াপদা বাঁধ ব্রিজটির মুখের মাটি সরানোর ফলে এলাকার মানুষের মধ্যে এক আনন্দ আমেজ লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, বিচ্ছিন্নভাবে মাঝে মধ্যেই আমার কাছে এসব জনদূর্ভোগের খবর আসছিল। এরপর ২০ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে এর একটি পূর্ণাঙ্গ সচিত্র প্রতিবেদন দেখি। পর্যায়ক্রমে ইত্তেফাকের “তাড়াশে ফসলি জমিতে পুকুর খনন, জলাধার ভরাটের হিড়িক” ওই প্রতিবেদনটিতে তুলে ধরা অন্যান্য জন দূর্ভোগের বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।

ইত্তেফাক/এএন