টাঙ্গাইলের ভূঞাপুরে জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় একজন খুন হয়েছেন। এসময় অপর একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের সেলিম ফকিরের ছেলে নওশের আলী (৫৫)। এঘটনায় জড়িত সন্দেহে মো. আব্দুল মজিদ (৫০), তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
ভূঞাপুর-কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তির সাথে জমিতে আইল তৈরি নিয়ে প্রতিবেশি আব্দুল মজিদের সাথে ঝগড়া বেঁধে যায়। এসময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নওশের আলীকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ভাতিজা শাহআলম গুরুত্বর আহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এদিকে হত্যার ঘটনা ছড়িয়ে পড়লে আসামি আব্দুল মজিদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে উত্তেজিত এলাকার লোকজন।
ইত্তেফাক/এসএস
