মির্জাপুরে দুই সন্তানসহ গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:৩৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী গ্রামে দুই ছেলে সন্তানসহ এক গৃহবধূ ১৫ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ বলে অভিযোগ পাওয়া গেছে।
 
শনিবার মির্জাপুর থানা পুলিশ ও গৃহবধূর স্বামী রাজন মিয়া স্ত্রী ও সন্তান নিখোঁজের বিস্তারিত তুলে ধরেন সাংবাদিকদের।
 
রাজন জানায়, তার স্ত্রীর নাম আকলিমা বেগম (২৬)। তাদের  আলিফ (৬) ও ইয়াসিন (৩) নামে দুইটি ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী আকলিমা বেগম দুই ছেলেকে নিয়ে গত ১৫ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ হয়। তিনি সকল আত্মীয় স্বজনের বাড়িতে তাদেরকে খুঁজে বেড়িয়েছেন। তারপরও তাদের কোনো সন্ধান করতে পারেননি। স্ত্রী আকলিমার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাদের উদ্ধারের জন্য রাজন মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তাদের উদ্ধারে পুলিশ নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ