পিরোজপুর মঠবাড়িয়ার সাফা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
স্থানীয় তরুণ মো. বশীর আহম্মেদ জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সাফা বাজার বাসস্টান্ড সংলগ্ন কাজি অফিস গলির হোটেল ব্যবসায়ী মো. মনির হোসেনের রান্নার চুলায় শুকাতে দেওয়া জ্বালানি কাঠ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
পরে মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুইটি হোটেল, একটি ইলেকট্রনিক্স দোকান, একটি সেলুন, দুইটি মুদি মনোহরী দোকানসহ ফাস্টফুডের দোকানসহ ১০টি প্রতিষ্ঠান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভিটি মালিক মন্টু বেপারী ও জামাল বেপারী দাবি করেছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সবাই ভাড়াটিয়া দোকানী।
ইত্তেফাক/এসএস
