পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ নেতা লিটন পণ্ডিত হত্যা মামলার প্রধান আসামি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রবিবার রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস মঠবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের করে জামিন আবেদন জানালে শুনানি শেষে বিচারক বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানাগেছে, গত বছর ২৫ জুলাই মঠবাড়ীয়া উপজেলা শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন পণ্ডিত নিহত হন। এ ঘটনায় লিটনের ভাই জাকির পণ্ডিত বাদী হয়ে গত বছর ২৬ জুলাই মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌসসহ ১৫ জনকে আসামি করা হয়। পৌর মেয়র উচ্চ আদালতের আট সপ্তাহ জামিন শেষে আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
এদিকে রফিউদ্দিন আহম্মেদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার সমর্থকরা স্থানীয় আদালতের পাশে বিক্ষোভ করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আসসাদিক জামান মঠবাড়িয়ায় অবস্থান করছেন।
ইত্তেফাক/এসএস
