আসছে ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরের ন্যায় এবারও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বসবে দু-বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা। দুই বাংলা যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভারতের বনগাঁ পৌর ডাকবাংলোতে সোমবার সকালে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবাংলা সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক বিশ্বজিৎ দাস, পুলিশ সুপার অনিল কুমার রয় ও পৌর চেয়ারম্যান শংকর আঁঢ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ মাস্টারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন জানান প্রতি বছরের ন্যায় এবারও বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে দুই বাংলার ভাষাপ্রেমীরা যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করবে। এ কারণে অনুষ্ঠানকে স্বার্থক করতে ভারতের বনগাঁ পৌরসভা এ প্রস্তুতি মুলক সভার আয়োজন করেছেন।
২০০২ সালে প্রথম বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ভারতের বনগাঁ ২১ উদযাপন কমিটি স্বল্প পরিসরে এ যৌথ মাতৃভাষা দিবসটি পালন শুরু করে। পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গ ও যশোরের বিভিন্ন অঞ্চল থেকে হাজার ভাষাপ্রেমী নারী-পুরুষের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় এ অনুষ্ঠানটি।
২০১২ সাল থেকে বাংলাদেশের আয়োজক বেনাপোল পৌরসভা ও ভারতের বনগাঁ পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানটি হয়ে আসছে।
ইত্তেফাক/এএন
