যৌন হয়রানির প্রতিবাদ করায় বহিরাগত সন্ত্রাসীরা বিদ্যালয়ে প্রবেশ করে ৯ ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। সোমবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।
স্কুলের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অনুষ্ঠােনের দিন বহিরাগত বখাটেরা বিদ্যালয়ের ছাত্রীদের শরীরে জিলাপী ছুঁড়ে যৌন হয়রানী করলে ওই ৯ ছাত্র তার প্রতিবাদ করে। তখন বখাটেরা তাদের হাতে থাকা হাতুড়ি, মোটরসাইকেলের চেইন, সাইকেলে তালা লাগানো শিকল দিয়ে শিক্ষার্থীদের পিটিয়ে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, বখাটেরা হলো, ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের আব্দুল কদ্দুছ চৌধুরীর পুত্র সজিব চৌধুরী ও ফজলুল হকের পুত্র ইমরান হোসেন।
এ হামলায় আহতরা হলো, ১০ শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেন অভি, মঞ্জুরুল হক, রানা মিয়া, রাসেল মিয়া, ইয়াসিন মিয়া, ৯ম শ্রেণীর ছাত্র আসিব মিয়া, ৮ম শ্রেণীর ছাত্র খাইরুল ইসলাম ও রাজু মিয়া আহত হয়।
গুরুত্বর আহত গাজীপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র জোবায়ের হোসেন অভি ও নন্দীগ্রামের আকবর আলী পুত্র মঞ্জুরুল হককে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায় গৌরীপুর থানায় অভিযোগ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রী, এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গৌরীপুর থানার এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায় বলেন, হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা দুঃখজনক উল্লেখ করে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রতন সরকার বলেন, ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, মামলার প্রস্তুতি ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/এএন
