বইমেলায় রমিজ তারেকের 'কাজলের দীঘি ছুঁয়ে'

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৪
 
ছোটবেলা থেকে ছবি তুলতে ভালবাসেন, আর ছবি দেখে তা নিয়ে লিখতেও তাঁর খুব বেশি পছন্দ। আর এই ছবি থেকে কবি হয়ে ওঠা তরুণের নাম রমিজ তারেক। এবারের বইমেলায় তরুণ লেখক হিসেবে ইতোমধ্যে নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে।
 
অমর একুশে বইমেলার প্রকাশিত হয়েছে তাঁর প্রথম গল্পগ্রন্থ 'কাজলের দীঘি ছুঁয়ে'। দাঁড়িকমা প্রকাশনী থেকে তার এই বইটি প্রকাশিত হয়েছে। বইয়ে মোট গল্প রয়েছে ১৪টি।
 
লেখকের ভাষায়, পালতোলা নৌকাও জানেনা কি গভীর মায়া নেমে আসে সন্ধ্যা রাতে নদীর বুক জুড়ে । কিভাবে প্রচণ্ড দুঃখ পেয়ে একটি তাঁরা খসে পড়ে আকাশের বুক থেকে । শুধু নৌকার মাঝি তাঁরার এই খসে পড়া দেখে প্রার্থনা করে কোন এক তাঁরাময় রাতের হাত ধরা রূপসীর স্বপ্নপূরণের জন্য । চাঁদের ছায়া পড়ে নদীর গভীর কাজল কালো জলে । তবু মাঝি সেখানে তার মুখ খোঁজে । সন্ধ্যাতাঁরা দিয়ে সেই পবিত্র নিষ্পাপ মুখের কপালে টিপ দেয় ...
 
নতুন বই নিয়ে গল্পকার রমিজ তারেক বলেন, ‘আমি প্রকৃতি ভালবাসি, আর মানুষ প্রকৃতির সন্তান। এই প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষের জীবন-বাস্তবতা, প্রেম-ভালবাসা আর আবেগকে তুলে ধরার চেষ্টা করেছি এই ছোটগল্প সমগ্রে।আশা করছি পাঠকদের টাকা বৃথা যাবে না।’
 
উল্লেখ্য, রমিজ তারেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এবং গণমাধ্যম অধ্যায়ন বিভাগে স্নাতকোত্তরে অধ্যায়নরত । জন্ম খুলনা জেলার তেরখাদা থানার অন্তর্গত জুনারি গ্রামে । রাজশাহী থেকে স্কুল-কলেজ শেষ করে চলে আসেন ঢাকায়। ভর্তি হন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে। 
 
 'কাজলের দীঘি ছুঁয়ে' গল্পগ্রন্থটি মেলার দাঁড়িকমা প্রকাশনীর ১০, ৩৮৮ ও ৩৮৯ নং স্টলে পাওয়া যাবে। দাম ধরা হয়েছে ১২০ টাকা।
 
ইত্তেফাক/এমএআর