শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে এক গৃহবধূ এবং বারইপাড়া গ্রামে বি.এ (সম্মান) শ্রেণির তৃতীয়বর্ষ পড়ুয়া এক শিক্ষাার্থী বিষপানে আত্মহত্যা করেছে।
জানা গেছে, স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদের জেরে তখলপুর গ্রামের জাহাঙ্গীর শেখের স্ত্রী কমলা বেগম (৩০) গত মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে বিষপান করে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার রাতেই তার মৃত্যু হয়। বুধবার ময়নাতদন্তের জন্য কমলার মৃতদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে উপজেলার বারইপাড়া গ্রামের বাকু শেখের ছেলে রুবেল শেখ (২২) তার পিতার কাছে হাত খরচের জন্য টাকা চেয়ে না পেয়ে অভিমানে গত ২৫ জানুয়ারি বিষপান করে। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম জানিয়েছেন, কমলা বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
ইত্তেফাক/এএন/ইউবি
