নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে ফরিদুল হাসান (৫৮) নামে এক কভার্ডভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল আটটায় মুক্তিনগরের বিক্রমপুর আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফরিদুল নোয়াখালীর সোনামুড়ী থানার রথি ভূঁইয়াবাড়ী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ফরিদুল তার মালিকানাধীন কভার্ডভ্যান কাঁচপুর ব্রিজের পূর্বপাশে পার্কিং করে রেখে সিদ্ধিরগঞ্জের বিক্রমপুর আবাসিক হোটেলে রাত যাপন করেন। হোটেলে রাতযাপনের বিষয়টি ফরিদুল মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিল। রাত একটার পর পরিবারের সদস্যরা ফরিদুলের মোবাইলে ফোন দেয়ার পর তিনি তা রিসিভ না করায় ভোরে তার ছেলে ইমন ওই হোটেলে এসে ম্যানেজারকে ছবি দেখান। ম্যানেজার ছবি দেখে ফরিদুলকে শনাক্ত করেন।
পরে সকালে পুলিশ হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে ফরিদুলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/এএম
