গাইবান্ধায় আসামি পলায়ন, ৮ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২
গাইবান্ধা আদালত থেকে জেলহাজতে পাঠানোর সময় কৌশলে শাকিল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে আট পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, ক্লোজড ৮ পুলিশ সদস্যের মধ্যে দুইজন এএসআই ও ছয়জন কনস্টেবল। তারা সকলে জেলা আদালতের দায়িত্বে ছিলেন।
 
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানায়, মাদক ব্যবসার দায়ে গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে শাকিল মিয়াকে গত মঙ্গলবার জেলার পলাশবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে। ওইদিনই তাকে গাইবান্ধার আদালতে পাঠানো হয়।
 
আদালত থেকে ওই দিন সন্ধ্যার দিকে বিভিন্ন মামলার অন্য ৩২ জন আসামির সঙ্গে শাকিলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর জন্য গাড়িতে উঠানো হয়। এ সময় সে কৌশলে পালিয়ে যায়। 
 
এ ঘটনায় বুধবার  পুলিশের এএসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
 
তিনি আরো জানান, শাকিলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 
 
পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, কর্তব্যে অবহেলার দায়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। 
 
ইত্তেফাক/এএন