বুধবার বিকালে মহেশপুরে বাল্য বিয়ের আয়োজন করায় বরসহ ৫জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পুরন্দপুর গ্রামে গোপনে বাল্য বিয়ের আয়োজন করায় ইউএনও’র নির্দেশে ফতেপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি চৌধুরী রওশন ইসলাম ১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৪ ও ৫ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন চাকলার ইসমাইল হোসেনর পুত্র মোঃ শাহাজামাল(বর), একই জেলার দামুড়হুদা থানার মোহাম্মদপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আবুল কাশেম (মেয়ের মামা), একই জেলার জীবননগর থানার চাকলা গ্রামের আক্কাচ আলীর ছেলে আব্দুল হান্নান, ঝিনাইদহ সদর থানার হলিধানী গ্রামের মোহাম্মদ রাজু, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার চাকলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে সলেমান(ছেলের ফুফাত ভাই)।
এরা মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের ভাটামতলা পাড়ায় অতি গোপনে বিয়ের জন্য এসেছিল। উপজেলা নির্বাহী অফিসার গোপন সূত্রে সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ফতেপুর ইউনিয়নের দফাদার রবি ধাবকের নেতৃত্বে ৮ জন গ্রাম পুলিশ যেয়ে তাদেরকে আটক করে।
ইত্তেফাক/এএন
