মতলব দক্ষিণে কুকুরের কামড়ে আহত শিহাব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত ২৫ জনের চিকিত্সা চলছে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কুকুর থেকে পৌরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জনসাধারণের জন্য সতর্কবার্তা ঘোষণা করেছে মতলব পৌর কর্তৃপক্ষ।
কুকুরের কামড়ে আহত উপজেলার দারিন্দ্র রসুলপুর গ্রামের শিহাব নামে আট বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় এখন সর্বত্রই কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গত সোমবার এক দিনে পৌরসভার চরমুকন্দি, ঘোষপাড়া, কলাদী এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। মঙ্গলবার থেকে কুকুর থেকে পৌরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জনসাধারণের জন্য সতর্ক বার্তা ঘোষণা করেছে মতলব পৌর কর্তৃপক্ষ।
এদিকে মতলবে কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং দিন দুপুরে দল বেধে কুকুরের ছুটাছুটি দেখে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে অভিভাবকরা। মতলব কঁচি-কাচা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন না করায় মতলবে কুকুরের উপদ্রব আশঙ্কাজনক আকার ধারন করেছে।
এ ব্যাপারে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ কুকুর উপদ্রবের সত্যতা জানিয়ে বলেন, কুকুর নিধন না করায় এ সমস্যা দেখা দিয়েছে।
ইত্তেফাক/এএম।
