সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের ১৮দিন পর ওমান প্রবাসীর স্ত্রী রুবেনা বেগমকে প্রেমিকসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী আবাসিক এলাকা থেকে প্রেমিকসহ রুবেনা বেগমকে আটক করে বুধবার ভোরে ছাতক থানায় নিয়ে আসা হয়। আটক প্রেমিক জুয়েল মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের জাহাঙ্গীর মিয়ার পূত্র। রুবেনা বেগম উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।
জানা যায়, এক বছর পূর্বে হাতধনালী গ্রামের গোলাম সবুরের পূত্র সুমন মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর কন্যা রুবেনা বেগমের বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকা অবস্থায় গত ১২ জানুয়ারি ভোরে দেড় মাসের শিশু কন্যা আমিনা বেগমকে শয়ন কক্ষে রেখে রুবেনা বেগম তার প্রেমিক জুয়েল মিয়ার সঙ্গে পালিয়ে যায়।
নিখোঁজের পরদিন রুবেনার চাচা আব্দুল মতলিব ছাতক থানায় একটি জিডি করলে সানাজুল মিয়া নামের একজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও এসআই তরিকুল ইসলাম রূপনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পল্লবী এলাকার একটি বাড়ি থেকে প্রেমিক জুয়েলসহ রুবেনাকে আটক করে।
ইত্তেফাক/এএন
