বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী খুরশীদ আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের সদ্যরা জানান, তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, খুরশীদ আলম শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ভেঙ্গে যাওয়া দাঁত গুলো রিপ্লেসমেন্টের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সঙ্গীত শিল্পী খুরশীদ আলম শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে বহনকারী প্রাইভেট কারকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি মুখে আঘাত পান। পরে তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, খুরশীদ আলমের মাথায় আঘাত পেলেও তা গুরুতর নয়। তার পাঁচটি দাঁত ভেঙ্গে গেছে। শনিবার সকালে তার মাথায় সিটি স্ক্যান করা হয়। শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, খুরশীদ আলম সুস্থ আছেন।
আরো পড়ুন: এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ: তথ্যমন্ত্রী
উল্লেখ্য, একুশে পদক প্রাপ্তি উপলক্ষে বগুড়ায় বসবাসকারী জয়পুরহাটবাসীর পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা নিতে গত বৃহস্পতিবার বগুড়ায় আসেন খুরশীদ আলম। পরে সড়ক দুর্ঘটনার শিকার হন।
ইত্তেফাক/অনি
