দুর্ঘটনায় আহত রক্তাক্ত কিশোর ছটফট করে মরল রাস্তাতেই। হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তার ভিডিও করল ও ছবি তুলল পথচারীরা। লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে।
বৃহস্পতিবার সকালে কর্ণাটকের কোপ্লালে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল ১৮ বছরের আনোয়ার আলি। পিছন থেকে তাকে ধাক্কা মারে একটি সরকারি বাস।
বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আনোয়ার। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা; উল্টো রক্তাক্ত আনোয়ারের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে পথ-চলতি মানুষজন। পরে আহত তরুণকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও-তে দেখা যাচ্ছে, গুরুতর আহত আনোয়ারের শরীরের নীচের অংশ রক্তে ভেসে যাচ্ছে। উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই তার। হাত জোড় করে উপস্থিত জনতার কাছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে সে। কিন্তু কেউ হাসপাতালে নিয়ে যায়নি তাকে। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকায় প্রচুর রক্তক্ষরণ হয় আনোয়ারের। ক্রমশ নিস্তেজ হয়ে পড়তে থাকে সে।
ঘটনাস্থলে পুলিশ এসে আনোয়ারকে হাসপাতালে নিয়ে যায়। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে তার। চিকিৎসকরা জানান, দেরি হয়ে গেছে। সময়মতো আনলে বাঁচানো যেত আনোয়ারকে।
ইত্তেফাক/এএম
