আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত দ্বন্দ্বে কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নিহত হয়েছেন। এতে আরো ১০জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিয়ারখী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার সকালে জমি ভাগবাটোয়ারা নিয়ে আব্দুল কাদের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় আফজাল গ্রুপের পক্ষের সমর্থক ইদ্রিস আলীর উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র (ফালা) ছুড়ে মারলে গলায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে আরো ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। অন্যদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহত ইদ্রিস আলী মঠপাড়া গ্রামের মৃত গফুর মেম্বরের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুনরায় সংঘর্ষ কিংবা যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এসএস
