খাগড়াছড়ির আলুটিলায় এলাকায় ট্রাকচাপায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চোংড়াছড়ির চেহ্লগ্য মারমার স্ত্রী নেইম্রা মারমা (৪০), তার মেয়ে টুনটুনি মারমা (১২), চালাপ্রু মারমার ছেলে এসএসসি পরীক্ষার্থী উচিনু মারমা (১৫), মংমং মারমার ছেলে মাথিন মারমা (৫), মংক্রইক মারমার ছেলে এসএসসি পরীক্ষার্থী অংক্যচিং মারমা (১৬), মাটিরাঙার তবলছড়ির চাইথৈলা মারমার ছেলে ফুলু মারমা (১৬), রামগড় উপজেলার নাকাপার বাসিন্দা কেইঁচু মারমার ছেলে চাইথৈপ্রু মারমা (১৬) ও মহালছড়ির ববি মারমা (১৫)।
জানা যায়, বৌদ্ধ ভিক্ষুর দাহ ক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে হাজার হাজার পূর্ণ্যার্থীর সমাগম ঘটে স্থানীয় আলুটিলায়। এই উপলক্ষে ওই অঞ্চলে রাস্তার দুই পাশে মেলা বসে। শুক্রবার বেলা ১১টার দিকে একটি ট্রাকেরচালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মেলায় লোকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত ও ১০ জন আহত হন। পরে হাসপাতালে আরো একজন মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দল হান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/ইউবি
