সাংবাদিক শিমুল হত্যা মামলায় গ্রেফতার ৪

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪১
 
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলার ছয়আনি গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি কে এম নাসিরকে গ্রেফতার করা হয়। বাকি তিনজনকে গ্রেফতার করা হয় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে।  নাসির থানা আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয়কে মারধর করেন। এই ঘটনায় ভিকটিমরা মিরুর বাড়ি ঘেরাও করলে একপর্যায় সংঘর্ষ বাধে। এসময় সংবাদ সংগ্রহের সময় শিমুল গুলিবিদ্ধ হন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এসএস