সখীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম শুরু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২০
আগামি ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে টাঙ্গাইলের সখীপুর উপজেলাতে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাচাই কার্যক্রম শুরু করেছে সরকার। 
 
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে এ যাচাই-বাচাই কার্যক্রম শুরু হয়। কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় আবেদনকারীকে মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং, ক্যাম্প কমান্ডার, সেক্টর কমান্ডারসহ কোন কোন এলাকায় যুদ্ধ করেছেন তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে যুদ্ধকালীন সময়ে সহযোদ্ধা তিনজন মুক্তিযোদ্ধা আবেদনকারীকে শনাক্ত করেন। এ সময় দেশের বাইরে থাকায় যাচাই-বাচাই কমিটির সভাপতি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন-এর প্রতিনিধি সখীপুর পৌরমেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সদস্য সচিব ইউএনও এসএম রফিকুল ইসলাম, উপজেলা কমান্ডার, শনাক্তকারী মুক্তিযোদ্ধাসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
 
ইউএনও এসএম রফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, ‘সরকারের আবেদনে সাড়া দিয়ে সখীপুর উপজেলাতে ছয় শতাধিক মুক্তিযোদ্ধা অনলাইনে আবেদন করেছেন। একই সঙ্গে স্থগিতকৃত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় নাম থাকা শতাধিক মুক্তিযোদ্ধার যাচাই-বাচাই বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হলেও যাচাই-বাচাই সম্পন্ন হতে বেশ কয়েকদিন লাগবে।’ 
 
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি জানান, ‘দীর্ঘ আবেদনের পর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাচাই কার্যক্রম শুরু হওয়ায় খুশি সাধারণ মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছর পর অন্তত মুক্তিযোদ্ধা তালিকায় যাতে কোনো ভুয়া ও অমুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তি হতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সজাগ আছি।’ 
 
ইত্তেফাক/এমআই