বাংলাদেশ ও ভারত একই মঞ্চে বাংলাভাষা উদযাপন করবে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৬
এবার বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাভাষা উদযাপন একই মঞ্চে অনুষ্ঠিত হবে। মঞ্চের নামকরণ করা হয়েছে ‘ বঙ্গবন্ধু শেখ মুজিব ২১শে মঞ্চ’।
 
বেনাপোল পৌরসভা দুই বাংলার ভাষা উদযাপন উপলক্ষে ইভেন্ট অর্গানাইজার `কাঠ পেন্সিল’এর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে ।
 
বেনাপোল পৌরসভা ভবনে বৃহস্পতিবার ‘কাঠ পেন্সিল’ সংগঠনের কার্যনির্বাহী পরিচালক আব্দুস ছালাম ও পৌর মেয়র আশরাফুল আলম লিটন এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন।
 
আব্দুস ছালাম জানান, ২০১১ সাল থেকে তারা বেনাপোল পৌরসভার পক্ষে দুই বাংলার ২১ উদযাপনের মঞ্চসহ অন্যান্য স্থাপনা তৈরি করে কাজ করেছেন।
 
মেয়র লিটন জানান,এর আগে ভারত ও বাংলাদেশ অংশে পৃথকভাবে ২১ শে মঞ্চ তৈরি করা হতো। কিন্তু এবার চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে দুই বাংলার উদ্যোগে একটি মঞ্চ তৈরি করা হবে। এ মঞ্চের নাম দেয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ২১শে মঞ্চ’।
 
এছাড়া আয়োজনস্থলে ভাষা সৈনিক সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক চত্বর, বর্ণমালা গ্যালারি ও বই মেলার আয়োজন থাকছে। যা ভাষা উৎসবকে প্রাণবন্ত এবং দুই বাংলার মানুষকে আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করবে বলে তারা আশাবাদী।
 
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন আরো জানান, এরই মধ্যে তারা ভারত অংশের ২১ উদযাপন কমিটির সঙ্গে বৈঠক করেছেন। অনুষ্ঠান স্বার্থক করতে সেখানে একে অপরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। দুই বাংলার বিশেষ ব্যক্তিদের ২১ উৎসবে আমন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।
 
২০০৪ সালে সর্বপ্রথম বেনাপোল সরগম সংগীত একাডেমি ও ওপারের বনগাঁ ২১ উপযাপন কমিটির প্রচেষ্টায় দুই বাংলার যৌথ ভাষা দিবস উদযাপন হয়। পরবর্তীতে ২০১১ সাল থেকে বেনাপোল ও বনগাঁ পৌরসভা এ আয়োজন করে আসছে। অনুষ্ঠানটি দুই বাংলার কয়েক হাজার ভাষাপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ