জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে শিক্ষার্থীরা মূখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এসে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজা আয়োজন কমিটির সদস্য সচিব তপন কুমার সরকার, সহকারী প্রক্টর মোঃ নজরুল ইসলাম, প্রভাষক জুয়েল কুমার রায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা সরস্বতী পূজার প্রতিমা ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ ন্যাকারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার রাতে ২৯৫ ধারা ধর্মীয় অনুভতীতে আঘাত একটি মামলা করেছেন। আশা করি অতিশীঘ্রই জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে আয়োজিত সরস্বতী প্রতিমার কাপড় ও অলংকারাদি খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও প্রতিমার হাত, পা ভেঙ্গে ফেলেছে। তবে কে বা কারা এই ভাংচুর চালিয়েছে তা এখনো জানা যায়নি।
এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনেকে মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের (সহকারী রেজিস্টারের বহিষ্কার) চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।
ইত্তেফাক/এএন
