আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া ভালোবাসা, দেশপ্রেম ও নিঃস্বার্থভাবে জাতির জন্য কাজ করে গেছেন।
শুক্রবার রাতে রংপুরে রাজা রামমোহন রায় ক্লাব মিলনায়তনে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত ড. ওয়াজেদ মিয়ার কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ফাউন্ডেশন সভাপতি একেএম ফরহাদুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ড. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ফাউন্ডেশনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক এবং রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলদুল।
আলোচনায় ড. ওয়াজেদ মিয়ার সহপাঠী মনোয়ার হোসেন পরমাণু বিজ্ঞানীর জীবন-কর্ম,তার আন্তরিকতা, প্রতিভা ও মানবিক গুণাবলীসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে প্রযুক্তি ও বৈজ্ঞানীকভাবে উন্নত দেশে পরিণত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ড. ওয়াজেদ মিয়া সকলের জন্য আদর্শ হয়ে থাকবেন এবং তার অবদানের জন্য মানুষ তাঁকে চিরকাল স্মরণ করবে। সভায় ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং তাঁর সহধর্মিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ, কন্যা সায়মা ওয়াজেসহ পরিবারের আন্যান্য সদস্যদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এর আগে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জেলার পীরগঞ্জের ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি
