ডিএনসিসি নতুন ভবনে যাচ্ছে রবিবার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় গুলশান ৮১ এভিনিউ থেকে নতুন ভবনে স্থানান্তর করা হচ্ছে।
 
রবিবার গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১৬ তলা বিশিষ্ট সেন্টার পয়েন্টে ৮, ৯ ও ১০ নম্বর লেভেলে এই নতুন কার্যালয় স্থানান্তর করা হবে। পরবর্তীতে লেভেল ৬ ও ১১ ব্যবহার হবে ডিএনসিসির কাজের জন্য।
 
বিকেল সাড়ে চারটায় নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। একই সঙ্গে তখন থেকেই নতুন ভবনের ৮ নম্বর লেভেলে অফিস শুরু করবেন মেয়র। একই ভবনে থাকবেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
তিনি জানান, নতুন কার্যালয়ে স্থানাস্তর হলেও গুলশান ৮১ এভিনিউয়ে কিছু কিছু বিভাগ থাকবে। সেখান থেকেও ডিএনসিসির কিছু কার্যক্রম চালানো হবে।
 
রাজধানীর উন্নয়নের গতি তরান্বিত করতে ২০১১ সালে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন বিল-২০১১ পাসের মধ্য দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন হিসেবে নবযাত্রা শুরু হয়।
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বহুতল বিশিষ্ট নগর ভবন থাকলেও উত্তরের নিজস্ব কোন ভবন ছিল না। দীর্ঘ পাঁচ বছর পর নিজম্ব ভবনে যাচ্ছে ডিএনসিসি।
 
ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তের পর ২০১৫ সালের ২৮ এপ্রিল প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় লাভ করে প্রথম মেয়র হিসেবে উত্তরের দায়িত্ব গ্রহণ করেন আনিসুল হক। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ডিএনসিসি’র নিজম্ব ভবনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ/ ইউবি