ধুনট থানা থেকে পালানো আসামি গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৮
বগুড়ার ধুনট থানা থেকে পালানোর ১৯ মাস ১৫দিন পর একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৭টার দিকে বগুড়ার শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
আলম ধুনট উপজেলার চিকাশি সোনারগাঁ গ্রামের মেছের আলী প্রামানিকের ছেলে। গত ২০১৫ সালের ১৯ জুন সকাল ১১টার দিকে ধুনট থানার অফিসার ইনচার্জের (তদন্ত) কক্ষ থেকে আসামি আলম কৌশলে পালিয়ে যায়। 
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আলমগীর হোসেন বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ধুনট ও শেরপুর থানায় একাধিক মামালা রয়েছে। গত ২০১৫ সালের ১৪ এপ্রিল রাতে ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে আবুল হোসেনের গোয়ালঘর থেকে বাছুরসহ একটি গাভী চুরি করে। 
 
পরে এ ঘটনায় আলমের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করেন আবুল হোসেন। ঘটনার পর থেকে আলমগীর হোসেন আলম পলাতক ছিলো। ২০১৫ সালের ১৮জুন সন্ধায় স্থানীয় জনগণের সহযোগীতায় গোসাইবাড়ি সাতমাথা এলাকা থেকে আলমকে গ্রেফতার করা হয়।
 
পরের দিন সকালে আসামি আলমকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই কক্ষে আসামিকে রেখে কাগজপত্র আনতে অন্য কক্ষে যান পুলিশ পরিদর্শক। এ সময় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে আসামি আলমগীর হোসেন আলম কৌশলে থানা থেকে পালিয়ে যায়। 
 
ইত্তেফাক/এএন