পাথরঘাটায় হরিণের চামড়া ও মাথাসহ ১২০ কেজি মাংস জব্দ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯
বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়া ও  মাথাসহ ১২০ কেজি মাংস জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া ঘাট থেকে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ ওই মাংস জব্দ করে।
 
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেনেন্ট মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদে বিষখালী নদীতে ধাওয়া করে নিশানবাড়িয়া ঘাট থেকে একটি ট্রলারসহ হরিণের ১২০ কেজি মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের চারটি মাথা ও তিনটি চামড়া উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- সুন্দরবনের বেশ কয়েকটি হরিণ শিকার করে বিক্রয়ের জন্য লোকালয় নিয়ে আসছিল।
 
জব্দ করা চামড়া ও মাংস স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হাওলাদার বলেন, কেরোসিন দিয়ে হরিণের মাংস নষ্ট করে মাটি চাপা দেয়া হয়েছে। আর হরিণের মাংস জব্দের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএন/ইউবি