কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৪
কক্সবাজারের মহেশখালীতে বন্দুক মজুদের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। রবিবার সকালে মহেশখালীর কেরুনতলীর একটি খামারবাড়িতে অভিযান চালিয়ে ১২টি বন্দুক ও ৮৫ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
 
কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, কেরুনতলী এলাকায় বন্দুক মজুদ করে রাখার সন্ধান পাওয়া যায়। এই সূত্র ধরে খামারে অভিযান চালানো হয়। এ সময় খামারের একটি বাড়ি থেকে ১২টি দেশে তৈরি বন্দুক ও ৮৫ রাউন্ড গুলি এবং ১০৬টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। 
 
ঘটনাস্থল থেকে হাতেনাতে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মো. সেলিম (৩৫) ও খালিয়ার ঘাট এলাকার জাফর আহমদের ছেলে মো. এরশাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। 
 
র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুইজন বন্দুক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এছাড়া মো. সেলিমের বিরুদ্ধে তিনটি হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে। এরশাদুউল্লাহর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়িয়ে তারা দীর্ঘদিন ধরে বন্দুক ক্রয়-বিক্রির চালিয়ে যাচ্ছিল। বিক্রি করার জন্য বন্দুক গুলো এক জায়গায় মজুদ করে রাখা হয়েছিল। 
 
খামারবাড়ির মালিক স্বপনকে খোঁজা হচ্ছে বলে জানায় র‌্যাব।
 
ইত্তেফাক/এএন