মুরগি বেশি দামি

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২৬

 

g সাঈদ সাহেদুল ইসলাম

 

শ্বশুর আমার খায় না গরু, মুরগি পেলেই খায়,

আসবে শ্বশুর—মুরগি কেনা আমার এখন দায়।

হাঁটছি পথে সামনে দেখি—মুরগিওয়ালাও যায়,

পিছন থেকে ‘মুরগি’ বলে ডাকলে সে দাঁড়ায়।

 

গেলাম কাছে; মুরগিওয়ালা আর কিছু না বলে—

আমার মতো লোকের পরে চড় যখনই তোলে

‘কী কর ভাই? মুরগি নেবো; যাচ্ছ কেন জ্বলে?’

‘মুরগি আমি?’ মুরগিওয়ালা রেগে গলা খোলে!

 

বলল আরো ‘মুরগি এখন—বিশেষ করে দেশি,

বলুন দেখি যায় কি পাওয়া আগের মতো বেশি?

যে মুরগিকে খেলেই পাবেন—সুস্থ দেহ, পেশী?

‘মুরগি’ আমায় বললে ওদের মর্যাদা হয় শেষই!

 

মুরগিওয়ালার ভাষা শুনেই অবাক হলাম আমি,

রাগটা আমার থামলো—তবু অপমানেই ঘামি।

ধীরে ধীরেই নিজ পজিশন থেকেও নিচে নামি—

মানুষ তো নয়! এখন থেকে মুরগি বেশি দামি।