অজস্র উত্সাহী বলদের ভিড়ে

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:২৭

লুত্ফর রহমান রিটন

 

অজস্র উত্সাহী বলদের ভিড়ে

চমকে উঠেছি দেখে এই মুখটিরে।

প্রাণপণে চেপে রেখে পাইপের ফুটো

অসহায় প্রত্যয়ী ওর চোখ দুটো

কী বারতা দিয়ে গেল বুঝেছ বলদ?

শিখে নাও মানবতা, কোথায় গলদ...

দারিদ্র্য পোশাকে ও শরীরে তাহার

এতোটুকু শরীরের সবটুকু ভার—

তাই দিয়ে ঠেকিয়েছে সে বিপর্যয়

মানুষের জয় হোক মানুষের জয়...

 

ধন্য বালক তুইই মানুষের মুখ

তোকে ভালোবাসা দিতে আমি উন্মুখ...

বাবা তোর চোখে মুখে স্বপ্নরা নাচে

তুই বেঁচে থাকলেই মানবতা বাঁচে...

 

হিউস্টন, ২৯ মার্চ ২০১৯